নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডের পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। গতকাল সকালে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদীয়া-১৩ লঞ্চের সঙ্গে মুন্সিগঞ্জ থেকে আসা সদরঘাটমুখী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। স্থানীয় সাদ্দাম হোসেন বলেন, ‘আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুটি নৌযান চলছিল তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিল সংঘর্ষ হবে।’
পাগলা নৌপুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরে পালিয়ে যান। আমরা লঞ্চটি জব্দ করেছি।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাল্কহেডটি উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে পাঁচজন লোক ছিলেন। তারা সাঁতরে তীরে এসেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’