বিজয়ের দুদিন পর ১৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের শরণখোলা ছিল হানাদার বাহিনীর দখলে। তৎকালীন থানা সদর রায়েন্দা বাজারে মুক্তিবাহিনী-রাজাকারদের সন্মুখযুদ্ধ চলে তখনো। ১৪ থেকে ১৮ ডিসেম্বর টানা পাঁচ দিন চলা যুদ্ধে রাজাকারের বুলেটে শহীদ হন পাঁচজন। ১৮ ডিসেম্বর ভোররাতে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের নেতৃত্বে শরণখোলা হানাদারমুক্ত হয়।