বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত স্বপ্নপূরণ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের ১৮টি শাখা স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিশুদের সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. আবদুল মজিদের সভাপতিত্বে স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আরও বক্তব্য দেন- শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর রহমান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, স্বপ্নপূরণ স্কুলের স্বেচ্ছাসেবী রাফি, রোমান, আকাশ প্রমুখ।