কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকের ১০ শতাংশ জমির পিঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা হোসেন (৫৫) ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে। গতকাল সকালে পশ্চিমপাড়া মাঠে গিয়ে দেখা যায়, কলা, বেগুন, পিঁয়াজ, রসুনসহ নানা সবজি চাষ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পিঁয়াজের বীজতলা রয়েছে।
বীজতলায় জন্মানো রোপণযোগ্য প্রায় ৯০ ভাগ চারা কেটে ফেলা হয়েছে। বাদশা হোসেন আহাজারি করে বলেন, ১০ শতাংশ জমিতে তিন কেজি পিঁয়াজের বীজ বপন করেছিলাম। বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যেই তিন বিঘা জমিতে রোপণ করতাম। কিন্তু সকালে এসে দেখি আমার সব শেষ। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।