ঘন কুয়াশায় বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে বরসহ ৪৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা পথ হারিয়ে ফেলে। যাত্রীদের মধ্যে ১৭ জন নারী, ২১ জন পুরুষ ও নয়জন শিশু ছিল। ৯৯৯-এ ফোন করেও মেলেনি প্রতিকার। অবশেষে অন্য নৌকা দিয়ে ১৬ ঘণ্টা পর সবাইকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, শুক্রবার সকালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ার নিলয় হাসান ছানি নামে এক যুবকের বিয়ের বরযাত্রী হিসেবে ৪৭ জন বগুড়া শহরে গিয়েছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তারা সন্ধ্যা ৭টার দিকে সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে ফিরে আসেন। সেখান থেকে নৌকায় মাদারগঞ্জের জামথলের উদ্দেশে রওনা হন। রাতে যমুনার মাঝনদীতে তীব্র কুয়াশার কারণে মাঝি দিক হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বারবার চেষ্টা করেও পথ খুঁজে পাননি। এরপর নিরাপত্তার জন্য মাঝনদীতে নৌকাটি নোঙর করে রাখা হয়। সেখানে বরযাত্রীরা রাত কাটান। হাড়কাঁপানো শীতে রাতভর পোহান চরম ভোগান্তি। ৯৯৯-এ যোগাযোগ করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। যাত্রীরা নৌকার ছবি তুলে দিক হারানোর কথা বিভিন্ন সমাজমাধ্যমে প্রচার করেন। ১৬ ঘণ্টা পর শনিবার সকালে কুয়াশা কমলে বিকল্প নৌকার সাহায্যে তাদের উদ্ধার করা হয়। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, ৯৯৯ কল পাওয়া মাত্রই পুলিশ পথ হারানো নৌকা উদ্ধারে অভিযান শুরু করে। বেশকিছু নৌঘাটে পুলিশ গিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি। অবশেষে অন্য নৌকা তাদের খুঁজে পেয়েছে। বরযাত্রী নিরাপদে বাড়ি ফিরেছেন। তিনি রাতে ঘন কুয়াশায় যাত্রী সাধারণকে যমুনায় ভ্রমণ না করতে অনুরোধ জানান।
নৌকার মাঝিদেরও তীব্র কুয়াশায় নৌকা চালানো থেকে বিরত থাকতে বলেন।