দিনাজপুরের কৃষকরা পিঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন। নিজ পরিবারের চাহিদা মিটিয়ে তারা বিক্রিও করছেন। গুণগত মান ও ভালো দাম পাওয়ায় পিঁয়াজ চাষে ঝুঁকেছেন চাষিরা।
সরেজমিন দেখা যায়, বিভিন্ন এলাকায় পিঁয়াজের চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাকঢাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাষিরা চারা রোপণ ও পরিচর্যা করছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে পিঁয়াজ চাষিরা তাদের পরিবারে সদস্য ও দিন-মজুর নিয়ে পিঁয়াজের চারা তুলছেন কেউ বা আটি বাঁধছেন। কাহারোল হাটে পিঁয়াজের চারা বিক্রি করতে এসেছেন মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি এ মৌসুমে ১২ শতক জমিতে বীজ তলায় পিঁয়াজের চার কেজি বীজ বপন করেছি। চারা লাগাতে আমার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। বিক্রি করেছি ৮৫ হাজার টাকা।
অপর চাষি আবদুল হামিদ জানান, চলতি মৌসুমে আমি দুই বিঘা জমিতে পিঁয়াজ আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকলে আশাকরি পিঁয়াজ ভালো হবে। তবে এবার শ্রমিক, সার, ওষুধ, বীজের দাম বেশি তাই খরচ বেড়ে গেছে দ্বিগুণ। কাহারোল উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলেন, পিঁয়াজের উৎপাদন যাতে ভালো হয় সেজন্য কৃষি বিভাগ সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫৫ হেক্টর জমিতে পিঁয়াজ আবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।