সিলিন্ডারের গ্যাসের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক চুলা কিনতে। এ কারণে বরিশাল নগরীতে বেড়েছে ইলেকট্রিক চুলার বিক্রি। নগরীর বিভিন্ন ইলেকট্রিক চুলা বিক্রির প্রতিষ্ঠানে গিয়ে এ তথ্য জানা গেছে। নগরীর বাসিন্দা সামসুল হুদা রিপন বলেন, গ্যাসের দাম বেড়েছে। বর্তমানে এক হাজার ৫৫০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকায়ও সিলিন্ডার পাওয়া যায় না। তাই তিনি একটি ইলেকট্রিক চুলা কিনেছেন। নগরীর কাটপট্টি রোডের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা মামুন শেখ বলেন, এক সপ্তাহ ধরে ইলেকট্রিক চুলা বিক্রি বেড়েছে। আগে যেখানে দিনে দুই থেকে তিনটি বিক্রি হতো। এক সপ্তাহ ধরে ১০/১২টি ইলেকট্রিক চুলা বিক্রি হচ্ছে।
নগরী ঘুরে জানা গেছে, দেশে সিলিন্ডারে গ্যাস বিক্রির ১৮টি কোম্পানি রয়েছে। কিন্তু বরিশালে ৬টি কোম্পানির গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। তাও প্রয়োজনের তুলনায় কম।
নগরীর নথুল্লাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের পরিবেশক মো. রবিউল ইসলাম বলেন, বর্তমানে চাহিদার ছয়ভাগের একভাগও সরবরাহ করছে না। ট্রাক ভর্তি করে খালি সিলিন্ডার ঢাকা পাঠালে ৭০/৭২টি সিলিন্ডার দেওয়া হচ্ছে। ট্রাকের ভাড়ার সঙ্গে সমন্বয় করে প্রতি সিলিন্ডার এক হাজার ৪৫০ টাকা দরে পাইকারিতে বিক্রি করতে হয়। খুচরা বাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি বিক্রি হয়। নগরীর কাউনিয়া এলাকার খুচরা বিক্রেতা বাবুল সরকার বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই বরিশালে গ্যাস সংকট রয়েছে। খাবারের হোটেল, চায়ের দোকানিসহ বাসা বাড়িতে চাহিদার গ্যাস দেওয়া যাচ্ছে না। লোকজন এসে ফিরে যাচ্ছে।
গ্যাস সংকট থাকার কারণে শহরতলীর লোকজন লাকড়ি চুলায় রান্না করতে পারলেও নগরীর বাসিন্দারা ইলেকট্রিক চুলায় রান্না করছে।