সুনামগঞ্জের একটি মাদ্রাসায় দান করা এক জোড়া লাউ নিলামে ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে। গতকাল ভোরে দিরাই উপজেলার পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসায় এ নিলাম অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ কে কুদরত পাশা জানান, মাদ্রাসার বার্ষিক ওয়াজ উপলক্ষে শুক্রবার রাতে কাইমা গ্রামের আবদুল লতিফ এক জোড়া লাউ দান করেন। ভোরে লাউ দুটি নিলামে তোলে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিলাম গ্রহণকারীরা পালাক্রমে লাউয়ের দাম বাড়াতে থাকেন। একপর্যায়ে ১৮ হাজার ২০ টাকা দিয়ে লাউ দুটি কিনে নেন কাইমা গ্রামের এক ব্যক্তি। ধর্মীয় কারণে নিজের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন জানান, লাউ বিক্রির টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে।