কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। তাপমাত্রার পারদ ৯ থেকে ১১ ডিগ্রিতে ওঠানামা করছে। তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচ ঠান্ডায় জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমিক শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সদর উপজেলার কদমতলার কৃষক কছিম মিয়া বলেন, বোরো বীজতলার চারাগুলো কুয়াশায় ঢেকে দিয়েছে। চারাগুলো নিয়ে অনেক টেনশনে আছি। লালচে ও হলুদে রং ধারণ করছে অনেক বীজ। আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, গতকাল সকাল ৬টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ মাসে আরও দু-একটি মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে।