ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব। তিনি বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাগর আলীকে আটক করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।