হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হস্তান্তর করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আবদুল মতিনের ছেলে। আটক অন্যরা হলেন উমেদনগর গ্রামের পুরান হাটির শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ ও নসরতপুরের আবদুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা ও মব সন্ত্রাসীর হুমকি-ধমকি দিয়ে চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকার ব্যবসায়ী ও শেখ জামাল অটোমেটিক ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী শেখ জামাল মিয়ার কাছ থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয় সাকিব। মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন শেখ জামাল মিয়ার দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সেখানে ভিড় করে ও ওই তিনজনকে আটকে রাখে। খবর পেয়ে সেনাবাহিনী তাদের আটক করে নিয়ে যান। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় তাদের হস্তান্তর করে সেনাবাহিনী।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।