নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই মাদ্রাসায় অগ্নিসংযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা। মঙ্গলবার মধ্যরাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের (৩৫) বাড়ি পিরোজপুর জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রী উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।
এ মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৭ জানুয়ারি তারা দুজন পালিয়ে যান। পরে ছাত্রীর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ওই ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদ্রাসাটিতে আগুন ধরিয়ে দেয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।