লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এক নারী পর্যটক হেনস্তার শিকার হয়েছেন। রবিবার এ ঘটনার পর ভুক্তভোগী পর্যটক সদর থানায় মামলা করেন। এরপর গোয়েন্দা ও থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন অভিযুক্ত যুবক আবু কালাম (৩১)। তিনি উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। পুলিশ জানায়, ওই নারী পর্যটক এক মাস ধরে পদব্রজে দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করে আসছিলেন। লালমনিরহাটে পৌঁছে তিনি জেলার কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর ১১ জানুয়ারি সকালে তিনি পদব্রজে কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা দেন। লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে আবু কালাম তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন।
লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, ওই ভুক্তভোগী পর্যটক ফেসবুক লাইভে এসে অভিযোগ করার পর আমরা ব্যবস্থা নেই। থানা পুলিশের সহযোগিতায় যুবককে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছেন এবং তিনি আবারও পদব্রজে দেশ ভ্রমণে বের হয়েছেন।