বগুড়ার শেরপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- গাজীপুর জেলার সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে শরীফ খান, চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে আমির হোসেন (২৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহবশত একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তখন কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয় চালক শরীফ ও তার সহযোগী আমির হোসেনকে। তাদের বিরুদ্ধে এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী।