গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস ফরিদপুরের ভাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক । তিনি জানান, গত মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সহায়তায় মহাসড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে।
এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ায় (এমপিপাড়া) একটি বাসার গ্যারেজের তালা ভেঙে মাইক্রোবাসটি চুরি করা হয়। এ ঘটনায় ৪ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার হওয়া মাইক্রোবাসটি মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।