সিলেটের বিশ্বনাথে শিম খেত থেকে লেচু বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পার্শ্ববর্তী রহিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্বামী গত হওয়ার পর থেকেই বাবার বাড়িতেই বসবাস করছিলেন লেচু বেগম। অন্যের কাজকর্ম করে কোনোমতে দিনযাপন করতেন। গতকাল সকালে চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। বেলা ১টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম খেতে তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুষ্টিয়ায় মনিরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের চরথানাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম একই এলাকার মৃত আশরাক ম লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মনিরুলকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’