আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষি। এখানে স্থাপিত ‘পলিনেট হাউস’ স্থানীয় কৃষকের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে উৎপাদিত উন্নতমানের চারা রোপণ করতে পারছেন কৃষক। এতে উচ্চ ফলনশীল ফসল ফলানোর নতুন পথ খুঁজে পেয়েছেন তাঁরা।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ পলিনেট হাউসের চারার গুণগত মান ভালো হওয়ায় এখান থেকে তা নিয়ে ভালো ফলন পেয়েছেন অনেক কৃষক।
নওগাঁর মথুরাপুর ইউনিয়ন থেকে আসা কৃষক সামছুল হক বলেন, ‘এখানে এসেছি চারা নিতে। গ্রিন বল বেগুনের চারা ৩০০ পিস কিনেছি। এর আগেও এখান থেকে চারা নিয়েছি। চারাগুলো বেশ ভালো হওয়ায় ফলন ভালো হয়েছে। সেজন্য এবারও নিতে এসেছি।’
আরেক কৃষক খালেক হোসেন বলেন, ‘আমি প্রথমবারের মতো ঝালের পুল নিতে আসছি। ১ হাজার টাকা দিয়ে ৫০০ পিস পুল নিলাম। ৬ শতক জমিতে লাগাব।’
পলিনেট হাউসের পরিচর্যাকারী আবু রায়হান বলেন, ‘আমাদের এখানে মরিচ, বেগুন, টম্যাটো, ফুলকপি, পাতাকপি, বারোমাসি মরিচের চারা পাওয়া যায়। ছাদবাগানের টবে লাগানোর জন্য সবজি চারাও আছে। বিভিন্ন প্রজাতির ফুলের চারা আছে। এখানে আমরা আধুনিক পদ্ধতি ব্যবহার করি। চারা তৈরিতে কোকোপিট ব্যবহার করা হয়। এ কোকোপিটের চারা নষ্ট হয় না। এ চারাগুলোতে কৃষক বেশি লাভবান হন।’
পলিনেট হাউসের তত্ত্বাবধানে থাকা আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পলিনেট হাউসে উন্নতমানের বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হয়। এখান থেকে আশপাশের কৃষক সহজেই চারা পেয়ে থাকেন।’