জিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহলগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চার সেনা সদস্য আহত হন। গতকাল সকালে মহেশপুর-খালিশপুর সড়কে বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়িতে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চার সেনা সদস্য আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত সেনা সদস্যদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান বলেন, আহত সেনা সদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার জন্য পুলিশ চেষ্টা করছে।