পাবনায় অস্ত্র, গুলিসহ হত্যা মামলার আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও বিএনপি নেতা মোন্তাজ আলী চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি। এ সময় একটি দুই নলা ও একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, ধারালো তলোয়ার, চাইনিজ কুড়াল, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জাহিদ সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পৌর এলাকার বজলুল হক রোডের একটি ভবনে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।