গাজীপুরের কালীগঞ্জে দোকানকর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল কালীগঞ্জ পৌরসভার বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলে।
নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। লিটন বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক।
গ্রেপ্তাররা হলেন-বালীগাঁওয়ের মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ও ছেলে মাসুম মিয়া (২৮)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে মাসুম মিয়া কালীগঞ্জ পৌরসভা-সংলগ্ন বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলে যান। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাসের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।