আড়াইহাজার উপজেলায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় সিরাজ মিয়ার ছেলে গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী সিরাজ মিয়া বলেন, ‘ঘটনার সময় বাসার সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত বাসার সাতটি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। পরে ঘরে রাখা প্রায় ৭ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দিতে গেলে তারা আমার ছেলে সাইফুল ইসলামকে মারধর করে।’
থানার ওসি আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।