চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে থাকা ১০৬ জন বন্দি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট দিতে আবেদন করেছেন।
জানা গেছে, অন্যবারের নির্বাচনের চেয়ে এবার পোস্টাল ভোটের প্রচার-প্রচারণা বেশি ছিল। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের কারাগারের ১০৬ জন বন্দি সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। যদিও বন্দির তুলনায় আবেদনের সংখ্যা এক ষষ্ঠাংশেরও কম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, ‘জেলা কারাগারে গতকাল সকাল পর্যন্ত বন্দির সংখ্যা ছিল ৬৫৫ জন। এর মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনকারী ১০৬ জনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ভোটার।’