বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামে এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের বাসিন্দা। উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসের বাঙ্কারে রাখা একটি কালো ব্যাগে ১১ কেজি গাঁজাসহ কারবারি আনোয়ারকে আটক করা হয়। তিনি কচুয়ার এক মাদক কারবারির কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এগুলো এনেছিলেন।