ফের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাতর হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস।
তিন দিন ধরে জেলার তাপমাত্রা একটু বাড়লেও নতুন করে মৃদু শৈত্যপ্রবাহে চর ও দ্বীপচরের বাসিন্দা এবং খেটে খাওয়া নিম্নআয়ের মানুষজন বেশি বিপাকে পড়েছেন। ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে প্রচণ্ড শীতের কারণে দুই সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত রোগীদের ভিড় বেড়েছে, যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরে নেওয়াজ আহমেদ জানান, শীতে রোগী বাড়লেও ডায়রিয়া, নিউমোনিয়াসহ অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছি।