ফরিদপুরের সালথায় পিঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময়ে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বালিয়া গ্রামের মাঠে পিঁয়াজের জমিতে পানি সেচ নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ শরীফের সঙ্গে প্রতিপক্ষের নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের হাতাহাতি ও মারামারি হয়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ বাধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়া গ্রামে নুরু মাতুব্বরের সঙ্গে জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছিল। ১৭ বছর তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুজনই বিএনপিতে যোগ দেন। তারা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দফা সহিংসতায় জড়ায়। এ ঘটনায় দুজন জেলও খেটেছেন।
আহতদের কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও সালথা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে।