গাইবান্ধার সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামে ছেলে আশরাফুল ইসলামের (২৮) মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা। আশরাফুলের বাড়ি সাঘাটার নীলকুঠি গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জানা যায়, আশরাফুল গতকাল বেলা ১১টার দিকে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর ১২টার দিকে আশরাফুলের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছায়। তা শোনামাত্রই মা আছিয়া বেগম (৪৮) অসুস্থ হয়ে মারা যান।