ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ। হালুয়াঘাট পৌর শহরের মধ্যবাজার মোড় থেকে গতকাল তাকে আটক করা হয়। লিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, প্রধান আসামিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখন মোটরসাইকেলে যাওয়ার সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি ধারালো দা দিয়ে পেছন থেকে কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কোপ দেন। গুরুতর আহত হন তিনি। তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে।