কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাম্পসহ পুড়ে গেছে আরও সাতটি দোকান। আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সরারচর বাজারে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- পাম্পের মালিক মো. রাজিব, কর্মচারী রিয়াদ, হারুন ও রহমত উল্লাহ। আহত সবার বাড়ি সরারচর এলাকায়। তাদের মধ্যে রাজিব ও রিয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, সরারচর বাজারে পেট্রোল পাম্পে প্রথমে আগুন লাগে। মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। বাজিতপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, রাতে রাজিব ট্রেডার্স নামের একটি পাম্পে তেল আনলোডের কাজ চলছিল। তখন সিগারেট থেকে আগুন ধরেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হবে বলে প্রাথমিক ধারণা তাদের।