বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতীক) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদেশি একটি মোবাইল ফোন নম্বর থেকে এ হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় গতকাল তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে কাজী খায়রুজ্জামান শিপন উল্লেখ করেন, গতকাল বেলা ১১টা ৫ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালসহ আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এসব হুমকির কারণে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাঁকে একাধিকবার হুমকি দিয়েছেন বলে তিনি জানান।
ওসি মো. মাহমুদুর রহমান বলেন, কাজী খায়রুজ্জামান শিপন হুমকির অভিযোগ এনে একটি জিডি করেছেন।