নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মিনহাজুর রহমান এ জরিমানা করেন। বুধবার পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের নির্বাচনি এজেন্ট নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। আদেশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে সংশ্লিষ্ট রশিদ আদালতে দাখিল করতে হবে।