টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুজন সমর্থকের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদর উপজেলার পাকুল্যা এলাকার জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরুর আগমুহূর্তে একজন ও মিছিল চলাকালীন একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা কমে যায়। তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সিলেটে বিএনপির নির্বাচনি জনসভায় মিছিল নিয়ে যোগদানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী মারা গেছেন। গতকাল বিকাল ৩টার দিকে বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার রামপাশা রোডে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি শেষ জনসভা ছিল। সভায় যোগ দিতে পুরানবাজার থেকে নেতা-কর্মীসহ মিছিল নিয়ে যাত্রা করেন সুহেল আহমদ চৌধুরী। জনসভার কাছাকাছি গিয়েই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে বিশ্বনাথের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো একনজর দেখতে তার বাড়িতে ছুটে যান দলীয় নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ।