ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে সামনে এসেছে ভোটের অন্য সমীকরণ। সবশেষ তালিকা অনুযায়ী এখানে নারী ভোটার পুরুষের চেয়ে বেশি। নারীদের ভোট টানতে ভিন্ন কৌশল নিয়েছিলেন প্রার্থীরা।
ঠাকুরগাঁও-১ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার ৫ লাখ ১১ হাজার। এর মধ্যে নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন চারজন। নারী ভোটার বেশি হওয়ায় তাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত এবার নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে মনে করছেন অনেকে। এ কারণে নারী ভোটার টানতে প্রার্থীরা চালাচ্ছেন নানা চেষ্টা। সমাবেশের পাশাপাশি প্রার্থীরা উঠান বৈঠক, পাড়ামহল্লায় ঘরোয়া সভা ও ছোট পরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বড় অংশজুড়ে ছিল নারী ভোটার। তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুজন নারী। তিনটি আসন মিলিয়ে মোট ভোটার ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন।