জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে টানা তিন দিন বন্ধ থাকবে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির বরাত দিয়ে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি ইস্যু করেছে।
এতে জানানো হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক বন্ধ। শনিবার থেকে পূর্বের মতো যথারীতি কার্যক্রম চলবে।
স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহিরাগমনাগমন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।