নীলফামারীর সৈয়দপুরে নিজের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট কেন্দ্রে উপস্থিত হলেন বর। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে নাগরিক দায়িত্ব পালন করেন যুবক মো. সামিউল ইসলাম (৩২)। গতকাল দুপুরে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। এর আগে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘পারিবারিকভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি দিনটি স্মরণীয় করে রাখতে বিয়ের সাজে ভোট দিতে এসেছি। পাশাপাশি আমি তরুণ সমাজকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই।’
সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ভোট দিতে এসে দেখি বিয়ের সাজে একজন এসেছে, দেখে অবাক হলাম। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব বুঝিয়েছেন।