জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। শুক্রবার ভোররাতে বেসকারিভাবে ফল ঘোষণা করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
কুড়িগ্রামের এ আসনটিতে ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন ছিল। এর মধ্যে পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ। বিজয়ী মোস্তাফিজুর রহমান বলেন, এখন আমার কাজ সবার হয়ে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য আমি দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ। জয়-পরাজয় ভাই ভাইয়ের মধ্যে কিংবা যেন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে না পারে সে জন্য তিনি সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও স্বতন্ত্র প্রার্থীসহ কয়েকজন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।