পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে নির্বাচনি ফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন।
পাবনা-৩ আসনের মোট ১৭৮টি কেন্দ্রে বৃহস্পতিবার সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। ১৭৮টি কেন্দ্রের ফলাফল গণনায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র লড়াই দেখা যায়। জামায়াতে ইসলামীর মাওলানা আলী আছগার ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পান ১,৪৪,২০৬ ভোট। পোস্টাল ব্যালটসহ দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩ হাজার ২৬৯। অল্প ব্যবধানে এই হার প্রত্যাখ্যান করে হাসান জাফির তুহিন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন তিনি। পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেন, পাবনা-৩ এর বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন আবেদন দিয়েছেন। ফলাফলের পর এমন আবেদন গ্রহণযোগ্য নয়। এটি নির্বাচন কমিশন বরাবর করতে হবে। তার পোলিং এজেন্টরা তাৎক্ষণিকভাবে অভিযোগ দিলে আমরা আমলে নিতাম।