নির্বাচনের পর সহিংসতায় যশোরের ছয়টি সংসদীয় এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতের অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘরও। এমন অভিযোগ করেছেন যশোরে নির্বাচিত জামায়াতের প্রার্থীরা। গতকাল যশোর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনে নির্বাচিত প্রার্থী গোলাম রসুল। এ সময় যশোর-১ আসনে জামায়াতের নির্বাচিত প্রার্থী মোহাম্মদ আজীজুর রহমান, যশোর-২ আসনের মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের গাজী এনামুল হক, যশোর-৬ আসনের মোক্তার আলী ও যশোর-৩ আসনে পরাজিত প্রার্থী আবদুল কাদের উপস্থিত ছিলেন। তারা আহত কয়েকজনকে সংবাদ সম্মেলনে হাজির করে হামলার বিবরণ দেন।
তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যেসব হামলার অভিযোগ তারা করছেন এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। সুনির্দিষ্টভাবে জড়িত থাকার প্রমাণ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।