মেহেরপুর-১ আসনের নির্বাচনে ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রার্থী হলেও ভোটের ফল ঘোষণার পর সৌহার্দ ও গণতান্ত্রিক সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান ও বিএনপির পরাজিত প্রার্থী মাসুদ অরুণ। বৃহস্পতিবার রাতেই বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান সৌজন্য সাক্ষাতের জন্য পরাজিত প্রার্থী মাসুদ অরুণের দলীয় কার্যালয়ে যান। এ সময় দুই নেতা পরস্পরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ভুলে এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।