নির্বাচনে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করায় বরিশালে বিএনপির তিন নেতাকে দলের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গতকাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানান, বহিষ্কারপত্র ওই তিন নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার বলেন, ‘এই সংক্রান্ত কোনো পত্র এখনো আমি হাতে পাইনি।’