দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনের পর সৌজন্যমূলক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। জয়লাভের পর তিনি পরাজিত জামায়ত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে মিষ্টিমুখ করান। শুক্রবার রাতে বোচাগঞ্জের বুনিয়াদপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত বিএনপির প্রার্থী পিনাক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান পরাজিত জামায়াত প্রার্থী। নির্বাচনের পর পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারা। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক রাজনৈতিক চর্চাকে শক্তিশালী করে এবং সাধারণ মানুষের মধ্যে ভালো বার্তা দেয়।
উল্লেখ্য, নির্বাচনে ফল প্রকাশের পরপরই আফজালুল আনাম তার ফেসবুক পেজে বিজয়ী প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। দিনাজপুর-২ আসনে আটজন প্রার্থী লড়াই করেন। যাদের ছয়জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।