চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালে ভাসমান অবস্থায় শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালাগ্রামে খালের কচুরিপানার ভিতর স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। নিহত শিমুল হোসেন একই ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিমুল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।