ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিল পরিশোধ না করায় এক বৃদ্ধের লাশ প্রায় ১২ ঘণ্টা মর্গে রাখার অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে মৃত্যু হলেও স্বজনরা গতকাল সকালে লাশ নিয়ে গেছেন। মৃত ব্যক্তির নাম আয়নাল বেপারী (৭০)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে সজল বেপারীর দাবি, ‘স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান। এর আগে ওষুধ ও অন্যান্য খাতে ৩৩ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আরও ২৮ হাজার টাকা বিল দাবি করে। টাকা পরিশোধ করতে না পারায় লাশ মর্গে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে লাশ হস্তান্তর করা হয়নি।’ তিনি বলেন, পরে গতকাল সকালে হাসপাতালের এক চিকিৎসকের সহযোগিতায় ১০ হাজার টাকা পরিশোধের পর বেলা সাড়ে ১০টার দিকে লাশ বুঝে পান।
হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আয়নাল নামে এক ব্যক্তি মারা যান। পরিবারের সদস্যরা রাতে লাশ নিতে পারেননি। সকালে এক চিকিৎসকের মাধ্যমে বিল সমন্বয় করে তারা লাশ নিয়ে গেছেন।’