ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ছোট ভাইয়ের রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আলকাছ পলাতক। জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে আলকাছ ও ইসমাইলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গতকাল ইসমাইলকে রড দিয়ে আঘাত করেন আলকাছ। ওসি মো. রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।