চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে পৌর এলাকার চণ্ডীপুরের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিহাব সদর উপজেলার সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল বিকালে আমবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।