কক্সবাজার শহরে চাঁদা না দেওয়ায় গণেশ পাল (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে শহরের পল্লাইন্যা কাটায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন। গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, গণেশ তার বাড়িতে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় একই এলাকার মো. জিসান নামে এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে জিসান ও অজ্ঞাতনামা আরও চারজন গণেশ পালকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গণেশ পালকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি মো. ছমি উদ্দিন।