মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন কালুসহ (৬০) অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে রাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পওে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বকুল হোসেন (৪০), কর্মী খাইরুল ইসলাম (৪৪) ও রাসেল হোসেন (৪২) রয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আলফাজ উদ্দীন কালু ও খাইরুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুলাই বিপ্লবের পর থেকে রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপুর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা সারকিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গতকাল গাংনী উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন কালুর নেতৃত্বে একটি পক্ষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। খবর পেয়ে সারকিদুল ইসলাম সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গাংনী উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন কালু বলেন, ‘সারকিদুল ইসলাম প্রকৃতপক্ষে প্যানেল চেয়ারম্যান নন। তিনি প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করছেন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন।’
অভিযোগ অস্বীকার করে সারকিদুল ইসলাম বলেন, ‘একটি পক্ষ ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাটের পরিকল্পনা করছে-এমন তথ্য পেয়ে পরিষদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অবস্থান নিয়েছিলাম।’