দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফিট গভীরে চাপা পড়েছিলেন আজহারুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক। জাতীয় জরুরি সেবায় কল পেয়ে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল কাহারোল থানার দক্ষিণ মহেশপুর থেকে ৯৯৯-এ কল পেয়ে ওই শ্রমিককে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার। তিনি বলেন, একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফিট গভীরে দুই শ্রমিক চাপা পড়েন। এক শ্রমিককে এলাকাবাসী উদ্ধার করেন। কিন্তু আরও এক শ্রমিক এখনো গলা পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছেন এবং ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছেন।
খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। চিকিৎসার জন্য ওই শ্রমিককে কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম।