তিস্তা নদীতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর তোলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন-১৯৯২-এর ৫ ধারায় মামলা করেছে পুলিশ। ডিমলা থানার ওসি গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জরখা এলাকায় তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাথর তুলছে। সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। অবৈধভাবে পাথর তোলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পূর্ব খড়িবাড়ী দিঘির পার গ্রামের তারিকুল ইসলাম, আলিয়ার রহমান, তাইজুল ইসলাম, মিজানুর রহমানু ও আবদুল মান্নান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালিয়ে যান। পালানোর সময় তারা বোমা মেশিন ট্রলিতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ডিমলা থানার এসআই পঙ্কজ চন্দ্র বর্মণ বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ডিমলা থানার ওসি শওকত আলী জানান, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।