সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত দুটি ভাটা গুঁড়িয়ে দিয়েছেন। একই সময় ছয়টি ভাটাকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। সহকারী পরিচালক তুহিন আলম জানান, অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ন ব্রিকস এবং মেসার্স আরএফবি ব্রিকসের স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এসব ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স বর্র্ন ব্রিকসকে ২ লাখ, প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার, এডিবি ব্রিকসকে ৩ লাখ, লামইয়া ব্রিকসকে ৩ লাখ, মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ ও মেসার্স আরএফবি ব্রিকসকে জরিমানা করা হয়েছে ৩ লাখ টাকা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।