গাইবান্ধার সাদুল্লাপুরে তাসলিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাসলিমা বেগম ওই এলাকার সৌদিপ্রবাসী জাকিরুল ইসলামের স্ত্রী। স্বজনরা জানায়, ভোরে তাসলিমা বেগম সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়।
এ সময় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়।
সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।